মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাবে বিশ্ব অর্থনীতি এক বড় ধরনের হুমকির মুখে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। সোমবার তিনি বর্তমান জ্বালানি সংকটকে ১৯৭০-এর দশকের সংকট এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রভাবের সঙ্গে তুলনা করে বলেন, এটি দুটি তেল সংকট ও একটি গ্যাস বিপর্যয়ের সমন্বিত রূপ, যা থেকে কোনো দেশই মুক্ত থাকবে না।
সোমবার সকালে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কয়েকটি হামলা প্রতিহত করেছে, একই সময়ে বাহরাইনে সাইরেন বেজে ওঠে। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ভূপাতিত ধ্বংসাবশেষের আঘাতে একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা সোমবার সকালে তেহরানে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে। ইরানি গণমাধ্যমে রাজধানীতে বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে এবং এএফপি’র এক সাংবাদিক কালো ধোঁয়ার ঘন কুণ্ডলি দেখতে পান।
এই পরিস্থিতিতে ফ্রান্স সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন এবং সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে মাখোঁ ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে সৌদি আরবকে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বন্দর আব্বাসের উপকূলীয় এলাকায় একটি সম্প্রচার কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় একজন নিহত হয়েছেন। ইরাকে মার্কিন দূতাবাসে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ। তারা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার বিরতি আরও পাঁচ দিন বাড়ানোর কথা জানিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এই গোষ্ঠীগুলো প্রায় প্রতিদিনই মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার দাবি করে আসছে।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ করেছেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের সদস্যরা হিজবুল্লাহর সামরিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি হিজবুল্লাহর সমালোচনা করে বলেন, তারা লেবাননকে এই যুদ্ধে জড়িয়ে ফেলেছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে স্থল অভিযান আরও জোরদার করা হবে।
রিপোর্টারের নাম 
























