ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎকালে উভয় দেশ তাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করে।
বৈঠক শেষে উভয় পক্ষই তাদের এক্স হ্যান্ডলে বিষয়টি নিশ্চিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর পোস্টে উল্লেখ করেন যে, বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়টিই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। অন্যদিকে, হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান যে, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুফলের ভিত্তিতে ভারতের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে—এই বার্তা তিনি বৈঠকে তুলে ধরেছেন।
কূটনৈতিক সূত্রমতে, এদিন বিকেলে বাংলাদেশের হাইকমিশনার ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও একটি সৌজন্য সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। গত বছরের মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ হামিদুল্লাহ। ভারতে দায়িত্ব গ্রহণের পর এটি মন্ত্রী পর্যায়ে তাঁর প্রথম সাক্ষাৎ। এর পূর্বে তিনি গত আগস্ট মাসে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
এদিকে, ‘হিন্দুস্তান টাইমস’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে একটি সংক্ষিপ্ত সফরে বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করতে পারেন। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে ৮ এপ্রিল তাঁর দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে।
রিপোর্টারের নাম 






















