ইরানে সামরিক হামলা চালানোর অধিকার সৌদি আরবের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ। তিনি অভিযোগ করেছেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে আলোচনায় বিশ্বাসী নয়, বরং চাপ প্রয়োগের চেষ্টা করছে। তবে সৌদি আরব এই চাপের কাছে হার মানবে না এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।
রাজধানী রিয়াদে একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রিন্স ফয়সাল এই কড়া মন্তব্য করেন। তিনি ইরানের সৌদি জ্বালানি স্থাপনায় হামলাকে “ব্ল্যাকমেইলের একটি নির্লজ্জ প্রচেষ্টা” হিসেবে আখ্যায়িত করেন। এর আগে সৌদি আরব জানিয়েছিল, আঞ্চলিক ও ইসলামি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ঠিক আগে রিয়াদের দিকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত ও ধ্বংস করেছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমার কাছে এটা স্পষ্ট ছিল যে, আজকের এই হামলাটি এই বৈঠকের সাথে মিলিয়ে ঘটানো হয়েছে, যাতে উপস্থিতদের ভয় দেখানো যায় এবং এই বার্তা দেওয়া যায় যে ইরান থামবে না।” তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা ভীত হইনি, আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারিনি যে ইরান যখন এই ধরনের আচরণ করে, তখন সে একটি বৈধ অংশীদার হতে পারে।”
প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ দুঃখ প্রকাশ করে বলেন, ইরানের প্রতি যে সামান্য আস্থা অবশিষ্ট ছিল, তা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, “প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা ছিল পূর্বপরিকল্পিত, এবং আমরা এখন যা দেখছি তা এটাই প্রমাণ করে।” সৌদি আরবের আগ্রাসনের প্রতি ধৈর্য অসীম নয় বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























