পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে রংপুর সিটি কর্পোরেশনের ৮৫৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। অনুষ্ঠানে জানানো হয়, প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে নগরীকে বাসযোগ্য রাখেন। তাদের এই নিরলস পরিশ্রমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ঈদের আনন্দ বাড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সীমিত সম্পদের মধ্যেও কর্মীদের কল্যাণে কাজ করছে প্রশাসন এবং ভবিষ্যতে এই সহায়তার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
প্রশাসক আরও উল্লেখ করেন যে, সিটি কর্পোরেশন কোনো নির্দিষ্ট দলের নয়, বরং এটি সাধারণ নাগরিকদের প্রতিষ্ঠান। নগরবাসীর সেবা নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক মর্যাদা রক্ষা করা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। অনুষ্ঠানে ড্যাব নেতা ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপহার পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা তাদের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 
























