যশোরের চৌগাছায় জাতীয় পরিচয়পত্র তৈরির সহায়তার নামে এক এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাতে ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন রাব্বি চৌগাছার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের মো. সেলিম রেজার ছেলে। এজাহার সূত্রে জানা যায়, সরকারি ছুটি থাকায় উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকা সত্ত্বেও রাব্বি ওই ছাত্রীকে জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য শহরে নিয়ে আসে। পরে সে ভুক্তভোগীকে তার পূর্বপরিচিত জাহানারা বেগম নামের এক নারীর বাড়িতে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে সে বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানায়।
ভুক্তভোগীর মা ও মেয়ে সন্ধ্যায় চৌগাছা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার সাব-ইন্সপেক্টর আব্দুস সাত্তার সঙ্গীয় ফোর্স নিয়ে রাব্বিকে গ্রেপ্তার করেন। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রাব্বিকে রবিবার যশোর আদালতে পাঠানো হবে এবং মামলার অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 




















