ইরানের সঙ্গে ‘দ্রুত’ একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে দেশটিতে সম্ভাব্য সামরিক হামলা আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একইভাবে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে আমি সামরিক হামলা বাতিলের বিষয়ে একমত হয়েছি। তবে এটি দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভরশীল।’
এর আগে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, চলতি সপ্তাহের শেষেই ইরানের ওপর নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা সেই জল্পনার মধ্যেই এলো।
এদিকে, ওয়াশিংটনের এমন পদক্ষেপকে উত্তেজনা বাড়ানোর চেষ্টা বলে আগেই অভিযুক্ত করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করা মধ্যপ্রাচ্যের যেকোনো আঞ্চলিক দেশই ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত’ হবে।
পরিস্থিতি জটিল হওয়ায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। অঞ্চলটিতে সংঘাত ও উত্তেজনা আরো বৃদ্ধি পেলে যেকোনো মুহূর্তে দেশ ছাড়ার জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছিল।
রিপোর্টারের নাম 























