ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু। এরই মধ্যে উপজেলার বিভিন্ন ব্যস্ত সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে তিনি জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শনিবার দুপুরে উপজেলার গাবতলা বাজার এলাকায় একটি ব্যস্ত সড়কের ভাঙা অংশ স্থানীয় যুবদল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে তিনি এ কাজ সম্পন্ন করেন। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ভারী বর্ষণের কারণে গাবতলা-চরভদ্রাসন সড়কের একটি বড় অংশ ধসে যায়। ফলে ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করছিল। এতে দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে ছিলেন এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না হওয়ায় মানুষের ভোগান্তি বাড়ছিল। এমন পরিস্থিতিতে যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু নিজ উদ্যোগে অর্থ ব্যয় করে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটি সংস্কার করায় স্থানীয়রা তার এই জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করেন।
এ বিষয়ে যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নির্দেশনা এবং তার বড় ভাই জার্মানপ্রবাসী জালালউদ্দীন রুমির অর্থায়নে উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ করা হচ্ছে। তিনি আরও জানান, যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় এসব কাজে শ্রম দিচ্ছেন। মানুষের উপকারে এমন কাজ করতে পেরে তিনি সন্তুষ্ট এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























