রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত প্রায় ৮টার দিকে মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত স্তালিন আমলের বহুতল ভবনের নিচতলায় থাকা বালজি রসি রেস্তোরাঁর কাছে এই বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ম্যাক্স’-এ দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক নারীর বহন করা হাতবোমা বা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) থেকে এই বিস্ফোরণ ঘটেছে।
প্রাথমিকভাবে মস্কো পুলিশ তিনজন নিহত ও ১৫ জন আহতের কথা জানালেও, পরবর্তীতে চিকিৎসাধীন আরো কয়েকজনের তথ্য যুক্ত হয়ে আহত মানুষের সংখ্যা দাঁড়ায় ২১ জনে। বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত পুরো এলাকা কর্ডন করে ফেলে রাশিয়ার সশস্ত্র নিরাপত্তা বাহিনী এবং রেস্তোরাঁয় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেয়।
ঘটনার পরপরই স্থানীয় কয়েকটি গণমাধ্যমে এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে বলে গুঞ্জন ছড়ালেও, পরে রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি বিষয়টি স্পষ্ট করে জানায় যে এটি কোনো দুর্ঘটনা নয় বরং হাতবোমার হামলা। কমিটির দাবি অনুযায়ী, আইইডি বহনকারী ওই নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে প্রবেশপথে নিরাপত্তাকর্মী তাকে বাধা দেন। এতে ওই স্থানেই বোমাটির বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় নিহতদের মধ্যে ওই নিরাপত্তাকর্মী, হামলাকারী নারী এবং রেস্তোরাঁর একজন অতিথি রয়েছেন। তবে এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিস্ফোরণে নিহত বা আহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলা বা ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো সন্দেহভাজনের নামও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। টেলিগ্রামভিত্তিক সংবাদ পর্যবেক্ষণ চ্যানেল ‘অ্যাস্ট্রা’ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণের সময়ে ওই রেস্তোরাঁয় এক রুশ জেনারেলের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং রুশ কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেনি।
রিপোর্টারের নাম 






















