বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নতুন করে ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। শনিবার নীলফামারী ডিসি মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এই সমাবেশটি ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আব্দুস সাত্তার তার বক্তব্যে জোর দিয়ে বলেন, যতক্ষণ না গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়িত হবে এবং ‘জুলাই সনদের’ সংস্কার কার্যকর হবে, ততক্ষণ বাংলাদেশের মানুষকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশের জনগণ প্রয়োজনে আবারও যেকোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত রয়েছে।
তিনি বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বলেন, বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের উপেক্ষা করে যদি রাষ্ট্রীয় কাঠামোর উন্নয়নের চিন্তা করা হয়, তবে জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। জামায়াতের এই নেতা রাষ্ট্র পরিচালনায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সম্পৃক্ততা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টুসহ অন্যান্য দলীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নীলফামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
রিপোর্টারের নাম 




















