পবিত্র ঈদুল ফিতরের দিন এবং পরবর্তী সময়েও মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে নেওয়া এই সিদ্ধান্তের কথা ইতোমধ্যে ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
রমজান মাসে ইবাদত বন্দেগির ওপর কড়াকড়ি আরোপের পর ঈদের দিনেও মসজিদ বন্ধ রাখার এই সিদ্ধান্তকে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তা পরিস্থিতির দোহাই দিয়ে আল-আকসা মসজিদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এবারই প্রথম রমজানের জুমার নামাজে ফিলিস্তিনিদের বাধা দেওয়ার ঘটনা ঘটল।
বর্তমানে মসজিদের ভেতরে ইসলামিক ওয়াকফের সীমিত সংখ্যক কর্মীকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও সাধারণ মুসল্লিদের জন্য প্রবেশ পথগুলো বন্ধ রাখা হয়েছে। জেরুজালেমের পুরনো শহর এলাকায় কড়া নজরদারি ও পুলিশি তৎপরতা বৃদ্ধির ফলে সেখানে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক বিভিন্ন মহল ইসরায়েলের এই অযৌক্তিক সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অবিলম্বে মসজিদটি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।
রিপোর্টারের নাম 



















