মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতির কারণে আগামী জুনের মধ্যে অন্তত সাড়ে চার কোটি মানুষ চরম খাদ্য সংকটের মুখে পড়তে পারেন বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি জানিয়েছে, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তবে এই মানবিক বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে।
ডব্লিউএফপির উপ-কার্যনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জেনেভায় সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, যুদ্ধের প্রভাবে খাদ্যপণ্য, জ্বালানি এবং নৌ-পরিবহন খরচ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় কোটি কোটি মানুষ অনাহারের মুখে পড়বেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এর ফলে বিশ্বে বর্তমানে রেকর্ড ৩১৯ মিলিয়ন ক্ষুধার্ত মানুষের সংখ্যা আরও কয়েক ধাপ ছাড়িয়ে যেতে পারে।
এই সম্ভাব্য বিপর্যয় এড়াতে বিশ্ব খাদ্য কর্মসূচি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। সংস্থাটি মনে করে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে এবং একটি বড় ধরনের মানবিক সংকটের সৃষ্টি হবে।
রিপোর্টারের নাম 



















