পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আধুনিক নগর পরিচালনা এবং ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনার জন্য প্রযুক্তি নির্ভর স্মার্ট ট্রাফিক সিস্টেম অপরিহার্য। বিশ্বব্যাপী অভিজ্ঞতা থেকে দেখা যায়, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়।
বুধবার (১১ মার্চ) সকালে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে ‘ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি উল্লেখ করেন, বাংলাদেশ দ্রুত নগরায়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নগর অর্থনীতির সম্প্রসারণ এবং মানুষের চলাচল সবকিছু মিলিয়ে সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, ঢাকা মহানগরীর যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, নাগরিকদের কাছে পুলিশের প্রথম পরিচয় প্রায়ই ট্রাফিক পুলিশের মাধ্যমে আসে। একজন ট্রাফিক সার্জেন্ট যখন রাস্তায় দাঁড়ান, তিনি শুধু যানবাহন নিয়ন্ত্রণ করেন না; তিনি রাষ্ট্রের আইন এবং শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন। তার আচরণ, পেশাদারত্ব এবং নৈতিকতা সরাসরি পুলিশের প্রতি জনগণের আস্থাকে প্রভাবিত করে।
কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর কাজী মো: ফজলুল করিম। কলেজের ভাইস-রেক্টর এস এম আক্তারুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার এর পক্ষে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ। প্রবন্ধে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, যানজটের কারণ, আইন প্রয়োগের বাস্তবতা এবং প্রযুক্তিনির্ভর ও নীতিনির্ধারণভিত্তিক উদ্ভাবনী সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এই কর্মশালার মূল লক্ষ্য ছিল ঢাকা মহানগরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বাস্তবমুখী নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা। এ লক্ষ্যে অংশগ্রহণকারীরা ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা ও প্রধান চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ, ট্রাফিক আইন প্রয়োগের কার্যকারিতা মূল্যায়ন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
রিপোর্টারের নাম 























