আন্তর্জাতিক নারী দিবস কেবল উদযাপনের দিন নয়, বরং নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে নতুন করে স্মরণ করার দিন। রোববার দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা দল আয়োজিত ‘অদম্য নারী সম্মাননা’, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী এসব কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের নারীরাও আজ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন, যা জাতির অগ্রযাত্রার অন্যতম শক্তি। বাংলাদেশের রাজনীতি ও সমাজে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের কথা বলতে গেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। তার নেতৃত্বে দেশের নারীরা রাজনীতি, প্রশাসন, শিক্ষা, অর্থনীতি ও কর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। গ্রামীণ নারী থেকে শুরু করে শহরের শিক্ষিত নারী—সবাইকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে তিনি নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে নগরীর একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান বক্তার বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন কোনো দয়া নয়—এটি একটি জাতির অগ্রগতির অপরিহার্য শর্ত। বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নারীর নেতৃত্বের যে শক্ত ভিত্তি তৈরি হয়েছে, তার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও সিওমেক ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট উইমেন চেম্বারের পরিচালক শ্যামা হক চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের সহধর্মিনী দিলারা মালিক এবং সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজী।
এই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজের গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাঁচজন নারীকে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়।
রিপোর্টারের নাম 























