কক্সবাজারের টেকনাফ উপজেলা সংলগ্ন হ্নীলা ইউনিয়নের রঙীখালী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের দুই লাখ ৩০ হাজার পিস নিষিদ্ধ এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গত রবিবার নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট এই সফল অভিযান পরিচালনা করে। পরবর্তীতে সোমবার (৯ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তিতে নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় মাদক বিক্রি ও পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুত করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থল, হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে মাদক কারবারিদের আস্তানা থেকে দুটি সাদা রঙের বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুটি তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে নৌবাহিনী।
উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশব্যাপী অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সাথে দেশের উপকূলীয় এলাকাকে মাদকমুক্ত রাখতে নৌবাহিনীর নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























