সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের জায়গা দখলমুক্ত করেছে কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। জামতৈল রেলওয়ে স্টেশন চত্বর ও সড়কের পাশে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা মোবাইল মেরামতের দোকান, কাপড়ের দোকান, হোটেলসহ মোট ৬০টি স্থায়ী ও অস্থায়ী স্থাপনা এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভূ-সম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের জায়গা দখল করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। রেলওয়ের সম্পত্তি পুনরুদ্ধার ও জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু, বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার এবং বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিলসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 























