কুমিল্লার চৌদ্দগ্রামে দেয়াল ধসে চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে তার ছোট ভাই ইফাদ হোসেন (৯)। গত রোববার রাতে পৌর এলাকার গোমারবাড়ির গ্রামের পূর্ব পাড়া মিয়াজী বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৯টার দিকে জান্নাতুল নাইমা ও তার ভাই ইফাদ নির্মাণাধীন একটি ঘরের দেয়ালের ভেতরে ইঁদুরের গর্তে লাঠি দিয়ে আঘাত করে। এতে আকস্মিকভাবে দেয়ালটি ভেঙে তাদের ওপর চাপা পড়ে। বাড়ির লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় জান্নাতুল নাইমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরের পথে মৃত্যু হয়। জান্নাতুল নাইমা চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সোমবার সকালে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
আহত ইফাদ হোসেন চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, মাটির দেয়াল চাপা পড়ে গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রী জান্নাতুল নাইমাকে কুমিল্লায় পাঠানো হয়েছিল। পরে শুনেছি, সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তার ভাই ইফাদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 























