ঝালকাঠির রাজাপুরে চাঁদা আদায়ের উদ্দেশ্যে এক স্বেচ্ছাসেবক নেতাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী ব্যবসায়ী মো. আল আমিন রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়েছেন।
ভুক্তভোগী আল-আমিন উপজেলার নৈকাঠি এলাকার বাসিন্দা এবং সাতুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি বিভিন্ন বাজারে কাঁচামাল ব্যবসা করেন। প্রায় পাঁচ মাস আগে স্থানীয় মাওদুদ সিকদার (মনু) তাকে বাজারের হিন্দুপাড়ার একটি রাস্তায় ডেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাজারে ব্যবসা চালিয়ে যেতে হলে এই টাকা দিতে হবে বলে তিনি তাকে জানান। নিরুপায় হয়ে আল আমিন পর্যায়ক্রমে মোট ১০ হাজার টাকা দেন। কিন্তু গত ৩ মার্চ আবারও তার কাছে বাকি ১০ হাজার টাকা চাওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে আল আমিনকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।
আল আমিন আরও অভিযোগ করেন, গত ৪ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত মাওদুদ সিকদার বাজারে এসে তাকে মারধর করেন। পরে সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি তার দলবল নিয়ে আল আমিন ও তার ভাই শাহিদুলের ওপর হামলা চালায়। প্রাণভয়ে তারা বাড়ি ফিরে আশ্রয় নেন। অভিযুক্তরা তাদের বাড়িতেও গিয়ে খোঁজাখুঁজি ও ভয়ভীতি প্রদর্শন করে বলে জানা যায়।
এ ঘটনায় তিনি মাওদুদ সিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে তিনি দাবি করেন। আল আমিনের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং তাদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। বর্তমানে অভিযুক্তদের ভয়ে তিনি বাড়িতে থাকতে ও স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারছেন না। এ বিষয়ে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে অভিযুক্ত মাওদুদ শিকদারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 

























