শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রাকে করে টিসিবি’র পণ্য বিক্রিতে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ৪০০ ভোক্তার জন্য বরাদ্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার নির্ধারিত পণ্য উধাও হয়ে গেছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভায় টিসিবি’র ট্রাকসেল কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। ভোক্তারা দাবি করছেন, টিসিবি পণ্য বিতরণের দায়িত্বে থাকা কিছু ডিলার এবং পৌরসভার কতিপয় কর্মচারী যোগসাজশে বরাদ্দকৃত পণ্য সরিয়ে ফেলছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন ভোক্তার পণ্য এভাবে উধাও হয়ে যাচ্ছে।
বিতরণের দায়িত্বে থাকা মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল বাশার জানান, পণ্য কম নিয়ে যাওয়ার বিষয়টি তিনি আগে জানতেন না। পণ্য কম পড়ার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে আরেকটি ট্রাকে করে পণ্য পাঠিয়ে দিয়েছেন। অন্যদিকে, বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, টিসিবি’র পণ্য বিতরণের বিষয়টি তাকে ডিলার বা অন্য কেউ অবহিত করেননি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 






















