ঝিনাইদহে একটি পেট্রোল পাম্পে তেল কেনার সময় কর্মচারীদের সঙ্গে বচসার জেরে আল মিরাজ নিরব (২৩) নামে এক ছাত্রনেতার মৃত্যু হয়েছে। শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মেসার্স তাজ ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিরব ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঝিনাইদহ সদর উপজেলা আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য এবং সরকারি কেসিসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে আল মিরাজ নিরব একটি প্লাস্টিক বোতলে তেল নিতে তাজ ফিলিং স্টেশনে যান। পাম্পের কর্মচারীরা তাকে বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করে। নিরব তখন পাশের অন্য একটি পাম্পে তেল নিতে যান। ফেরার পথে তিনি তাজ ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করেন। এতে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার তীব্র বাদানুবাদ শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পেট্রোল পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে। তারা বর্তমানে পুলিশের জিজ্ঞাসাবাদে রয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, তদন্ত শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত আল মিরাজ নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরে সরকারি বালক বিদ্যালয়ের পাশে একটি ফাস্টফুডের ব্যবসাও করতেন। তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও ছাত্র সংগঠনগুলো এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।
রিপোর্টারের নাম 



















