মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ব্রিটিশ স্বার্থ রক্ষায় বড় ধরনের সামরিক প্রস্তুতি শুরু করেছে যুক্তরাজ্য। দেশটির অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ‘এইচএমএস প্রিন্স অব ওয়েলস’-কে অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে সমুদ্রে যাত্রার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, সাধারণত এই ধরনের রণতরী চলাচলের জন্য ১৪ দিনের আগাম প্রস্তুতির প্রয়োজন হলেও, বর্তমান পরিস্থিতিতে ক্রুদের মাত্র ৫ দিনের নোটিশে যাত্রার জন্য তৈরি থাকতে বলা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা থেকে ব্রিটিশ স্বার্থ ও ওই অঞ্চলে নিজেদের অবস্থান সুরক্ষিত রাখতেই ভূমধ্যসাগরে এই বিশাল রণতরীটি মোতায়েন করা হতে পারে। ইতোমধ্যে এই অঞ্চলে ‘টাইপ ৪৫ ডেস্ট্রয়ার’ শ্রেণির যুদ্ধজাহাজ ‘এইচএমএস ড্রাগন’ মোতায়েন করেছে ব্রিটেন। তবে সাইপ্রাসকে শত্রুপক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে ব্রিটিশ সরকার পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না বলে খোদ দেশটিতেই সমালোচনার ঝড় উঠেছে।
মূল পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষের দিকে উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরে মোতায়েনের কথা ছিল ‘এইচএমএস প্রিন্স অব ওয়েলস’-এর। সেই লক্ষ্যে পোর্টসমাউথ বন্দরে জাহাজটির নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজও চলছিল। উত্তর মেরু অঞ্চলে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে মার্কিন ও ইউরোপীয় মিত্রদের সাথে ‘অপারেশন ফায়ারক্রেস্ট’-এ অংশ নেওয়ার কথা ছিল এই রণতরীর। কিন্তু পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে সেই পরিকল্পনা স্থগিত করে একে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকেই মধ্যপ্রাচ্যে ব্রিটেনের সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। ব্রিটিশ নাগরিক ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সাইপ্রাসে অতিরিক্ত ৪০০ জন কর্মী, টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমান এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক হামলাগুলোর সময় ব্রিটিশ বিমানগুলো সফলভাবে শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করেছে। ওই অঞ্চলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র করতে নিয়মিতভাবে অতিরিক্ত সামরিক সরঞ্জাম ও জনবল পাঠানো হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে ‘প্রিন্স অব ওয়েলস’-এর সম্ভাব্য মোতায়েন ব্রিটেনের সেই সামরিক কৌশলেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























