সম্প্রতি ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর বিশ্বজুড়ে আবারও বড় ধরনের ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বিশ্বের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ১০টি ভূমিকম্পের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে ১৯৬০ সালে চিলিতে আঘাত হানা ৯.৫ মাত্রার ভূমিকম্পটি, যাতে ১ হাজার ৬৫৫ জনের প্রাণহানি ঘটেছিল।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৬৪ সালের আলাস্কা ভূমিকম্প (৯.২ মাত্রা) এবং তৃতীয় স্থানে ২০০৪ সালের সুমাত্রা ভূমিকম্প (৯.১ মাত্রা)। বিশেষ করে সুমাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যা আধুনিক ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি। চতুর্থ স্থানে রয়েছে ২০১১ সালে জাপানের তোহুকুতে আঘাত হানা ৯.১ মাত্রার ভূমিকম্পটি।
এছাড়া তালিকায় ১৯৫২ সালের কামচাটকা, ২০১০ সালের চিলি এবং ১৯০৬ সালের ইকুয়েডরের ভূমিকম্পগুলোও রয়েছে। ১৯৫০ সালে ভারতের অরুণাচল প্রদেশে আঘাত হানা ৮.৬ মাত্রার ভূমিকম্পটি এই তালিকার দশম স্থানে রয়েছে। ভূতাত্ত্বিকরা বলছেন, প্রকৃতির এই ভয়াবহতা মোকাবিলা করা এখনো মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ।
রিপোর্টারের নাম 






















