লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি স্বাস্থ্য পরিচালনা কেন্দ্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। গত সোমবার থেকে শুরু হওয়া এই ভয়াবহ হামলায় নিহতের পাশাপাশি আহতের সংখ্যাও এক হাজার ছাড়িয়ে গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে চলমান এই হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২৩ জন গুরুতর আহত হয়েছেন। লেবাননের বিভিন্ন জনপদে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী, যার ফলে হতাহতের সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে। হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এদিকে, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের এই সামরিক অভিযান থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সর্বশেষ শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন শহরে শক্তিশালী বিমান হামলা চালানো হয়। একের পর এক হামলায় বিধ্বস্ত হচ্ছে বসতবাড়ি ও বেসামরিক স্থাপনা। পুরো অঞ্চলজুড়ে এখন চরম আতঙ্ক ও মানবিক বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করছে।
রিপোর্টারের নাম 























