ইরানের বিরুদ্ধে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানকে পুরো বিশ্বের জন্য একটি বড় ধরনের কল্যাণকর পদক্ষেপ হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অভিযানকে একটি ‘অসাধারণ সাফল্য’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কার্যত বিশ্ববাসীকে সেবা প্রদান করেছে।
অভিযানের অগ্রগতি ও অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করে ট্রাম্প জানান, এই অভিযানের কার্যকারিতা প্রত্যাশার চেয়েও অনেক বেশি। সাফল্যের মাত্রা বোঝাতে গিয়ে তিনি বলেন, শূন্য থেকে ১০-এর স্কেলে এই অভিযানের অর্জন হবে ১৫। ট্রাম্পের মতে, এই পদক্ষেপ কেবল মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার স্বার্থেই নেওয়া হয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় হতাহতদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিহতদের প্রতি কোনো সহানুভূতি না দেখিয়ে তিনি তাদের ‘অসুস্থ মানুষ’ হিসেবে আখ্যায়িত করেন।
এদিকে, ইরানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ভয়াবহ হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 























