ইরানের রাজধানী তেহরানে রাতভর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। এই অভিযানে দেশটির প্রভাবশালী সামরিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের অন্তত ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। মূলত ইরানের সীমানার বাইরে বিভিন্ন সামরিক অভিযান ও কৌশলগত কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে এই কুদস ফোর্স।
ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের বিমান বাহিনী তেহরান জুড়ে ‘ব্যাপক ও সুসংগঠিত’ আক্রমণ পরিচালনা করেছে। এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল তেহরানের মেহরাবাদ বিমানবন্দর। ইসরাইলের দাবি অনুযায়ী, কুদস ফোর্স এই বিমানবন্দরটিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র, সরঞ্জাম ও অর্থ স্থানান্তরের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল। বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে রসদ সরবরাহে এই বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত বলে তেল আবিব উল্লেখ করেছে।
তবে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে এই বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করা হলেও, এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ বা স্বাধীন সূত্র থেকে এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। অন্যদিকে, এই হামলার বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই হামলা ও পাল্টা দাবির ঘটনা অঞ্চলটিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 























