মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় লন্ডনের রাজপথে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কয়েক হাজার শান্তিকামী মানুষ ব্রিটিশ রাজধানীর রাজপথে নেমে এই প্রতিবাদ মিছিলে অংশ নেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, এদিন বিকেলে কয়েক হাজার বিক্ষোভকারী মিলব্যাঙ্ক এলাকা থেকে তাদের পদযাত্রা শুরু করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভক্সহলে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভকারীদের কণ্ঠে ‘আমরাই জনগণ, আমাদের দমানো যাবে না’ এবং ‘অবিলম্বে বোমা হামলা বন্ধ করো’—এমন সব যুদ্ধবিরোধী স্লোগান প্রতিধ্বনিত হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিবাদ কর্মসূচিতে প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। মিছিলে অংশগ্রহণকারীরা মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধ চাপিয়ে না দেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।
এর আগে দিনের শুরুতেই বিক্ষোভকারীরা লন্ডনের মিলব্যাঙ্ক এলাকায় জড়ো হতে থাকেন। অন্যদিকে, ওয়েস্টমিনস্টারের ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনস এলাকায় বিভিন্ন মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অস্থায়ী তাবু গেড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখান থেকেই মূলত যুদ্ধের বিরুদ্ধে জনমত গড়ে তোলার কার্যক্রম শুরু হয়, যা পরবর্তীতে বিশাল এক বিক্ষোভ মিছিলে রূপ নেয়।
রিপোর্টারের নাম 























