সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের সামরিক শক্তি ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মার্কিন বাহিনীর জোরালো অভিযানে ইরানের অন্তত ৪২টি নৌযান ও যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে।
ফ্লোরিডায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, গত কয়েক দিনে মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলায় ইরানের ৪২টি নৌযান ধ্বংস করার পাশাপাশি দেশটির বিমান শক্তি এবং টেলিযোগাযোগ ব্যবস্থার একটি বড় অংশ অকার্যকর করে দেওয়া হয়েছে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী হামলাগুলো মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তাঁর দাবি, এসব হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু মার্কিন অভিযানের ফলে তাদের সেই সক্ষমতা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এই সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল সাফল্য হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, এর মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতার মূলে আঘাত হানা সম্ভব হয়েছে। এদিকে, চলমান এই সংঘাতের মধ্যে নিহত ছয় মার্কিন সেনাসদস্যের মরদেহ গ্রহণ করতে ডোভের এয়ার ফোর্স ঘাঁটিতে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্টের। সেখানে তিনি নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং তাঁদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন।
রিপোর্টারের নাম 























