মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে এক স্পষ্ট ও শক্তিশালী বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান জানিয়েছে, যদি এই অঞ্চলের কোনো দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক তৎপরতায় সহযোগিতা না করে, তবে তাদের ওপর কোনো আক্রমণ চালানো হবে না।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া প্রেসিডেন্টের এই বক্তব্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপ-প্রধান। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই কোনো ধরনের আগ্রাসনের সামনে মাথা নত করবে না। একইসঙ্গে সশস্ত্র বাহিনীর নির্দেশিকা অনুযায়ী, যেকোনো হামলার সমুচিত ও কঠোর জবাব দিতে তেহরান সদা প্রস্তুত।
এর আগে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে তাঁর অবস্থান পরিষ্কার করে বলেছিলেন যে, তেহরান নিজে থেকে কাউকে আগে আক্রমণ করবে না। তবে কোনো দেশ যদি ইরানের ওপর হামলা চালায়, তবে পাল্টা ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে না।
এমন এক সময়ে এই হুঁশিয়ারি এলো যখন শুক্রবারও ইরানের প্রতিবেশী দেশগুলো থেকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার খবর পাওয়া গেছে। এই উদ্ভূত পরিস্থিতিতে তেহরান তার প্রতিবেশীদের সতর্ক থাকার এবং কোনো পক্ষকে ভূমি বা আকাশপথ ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানিয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর সামরিক সহযোগিতার বিষয়টিকে কেন্দ্র করেই ইরান এই কড়া বার্তা প্রদান করল।
রিপোর্টারের নাম 




















