পাবনার চাটমোহর উপজেলায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি লিটার অকটেন ৫০ টাকা, পেট্রোল ২৪ টাকা এবং ডিজেল ১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অতিরিক্ত মূল্য আদায়ের পেছনে আন্তর্জাতিক বাজারের অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন কিছু অসাধু ব্যবসায়ী।
উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের বাজারে সরেজমিনে দেখা গেছে, প্রতি লিটার অকটেন যেখানে নির্ধারিত রয়েছে ১২০ টাকা, সেখানে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। একইভাবে, ১১৬ টাকার পেট্রোল ১৪০ টাকায় এবং ১০০ টাকার ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। এই মূল্যবৃদ্ধি বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা জানান, যুদ্ধের অজুহাতে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।
বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে তেল মজুত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। এর ফলে তেল পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় বাড়ছে এবং দাম আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে চাটমোহরের একমাত্র অনুমোদিত তেল পাম্প সালসাবিল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী কে এম সাঈদ উল ইসলাম কাফি জানান, তারা সরকারি নির্ধারিত মূল্যে অর্থাৎ প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি করছেন। তবে, বাজারে তেলের চাহিদা সরবরাহের তুলনায় বেশি হওয়ায় কিছু সমস্যা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, জ্বালানি তেলের এই অনৈতিক মূল্যবৃদ্ধির বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানিয়েছেন, অচিরেই এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সাধারণ মানুষকে এ ধরনের অনিয়ম দেখলে তাৎক্ষণিক অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন।
রিপোর্টারের নাম 























