মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ভারতের অর্থনীতিতে, বিশেষ করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। সম্প্রতি কলকাতায় রান্নার গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যা গৃহস্থালির বাজেটকে আরও চাপের মুখে ফেলেছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, কলকাতায় ১৪ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৬০ রুপি বেড়ে ৮৭৯ রুপি থেকে ৯৩৯ রুপি হয়েছে। একইভাবে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪ রুপি বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৭৬ রুপি থেকে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯০ রুপি। গত শনিবার (৭ মার্চ) থেকে পশ্চিমবঙ্গের সর্বত্র এই বর্ধিত মূল্য কার্যকর হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের গ্যাস ডিস্ট্রিবিউটরদের হাতে মাত্র চার থেকে পাঁচ দিনের গ্যাস মজুদ থাকার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজনবিহারী বিশ্বাস জানান, বড় গ্রাহকদের (যারা বড় সিলিন্ডার ব্যবহার করেন) আপাতত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পর্যায়ক্রমে ১৯ কেজির সিলিন্ডার ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রয়োগ করা হবে। তিনি বলেন, গ্রাহকদের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে।
সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে, মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত বন্ধ না হলে গ্যাসের দাম আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে অনেকে বিকল্প হিসেবে কাঠের চুলায় রান্না শুরু করেছেন। কলকাতার এক গৃহবধূ তার দুর্ভোগের কথা জানিয়ে বলেন, “গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আমাদের মতো সাধারণ পরিবারের জন্য খুবই অসুবিধা হচ্ছে। এখন প্রায় হাজার রুপি দিয়ে গ্যাস কিনতে হবে। বিকল্প কিছু চিন্তা করতে পারছি না, কারণ বিদ্যুৎ ব্যবহার করলেও বিল বেশি আসবে।” এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় নতুন সংকট তৈরি করেছে।
রিপোর্টারের নাম 























