বৈশ্বিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের প্রেক্ষাপটে ভারত সীমান্তবর্তী সাতক্ষীরা অঞ্চলে জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে কঠোর নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় তল্লাশি কার্যক্রমের পাশাপাশি মোবাইল টহলও বাড়ানো হয়েছে বলে শনিবার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে বিজিবি।
শনিবার সকালে সাতক্ষীরার ভোমরা জিরো পয়েন্টে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্যে অস্থিরতা দেখা দিয়েছে। এই বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় সীমান্ত এলাকায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পাচার রোধ অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, অনেক সময় বিদেশি কার্গো যানবাহন কম জ্বালানি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং স্থানীয়ভাবে ট্যাংক পূর্ণ করে আবার সীমান্ত অতিক্রম করে। একইভাবে, কিছু বাংলাদেশি যানবাহনও অতিরিক্ত জ্বালানি নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। এসব অনিয়ম ও পাচার ঠেকাতে বিজিবি কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি বিপণনের ওপর নিবিড় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে, ভোমরা স্থলবন্দর এলাকায় বিশেষ তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে, যাতে কোনোভাবেই জ্বালানি তেল সীমান্ত পেরিয়ে পাচার হতে না পারে।
লে. কর্নেল কাজী আশিকুর রহমান পাচার রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সাদমান সাদিক, উপসহকারী পরিচালক মাসুম বেগ, মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















