নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় সোমবার স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আটক তিন নারী হলেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (৩২), খুলনার খালিশপুর থানার দীঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার (২৭) ও বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন আক্তার (৩৬)।
পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগে বাড়ির মালিকসহ স্থানীয় লোকজন নারীদের আটক করে। প্রথমে তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে উপস্থিত অনেকে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেয়।
অভিযুক্ত নারীরা জানান, কাজের খোঁজে তারা রূপগঞ্জে আসেন। স্থানীয় পোশাক কারখানায় ঈদের পর তারা যোগদান করবেন। এপ্রিল মাস থেকে বাসা ভাড়া নেওয়ার জন্য তারা সেই বাড়িতে যান। বাসাভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ওই নারীদের আটক করা হয়।
পরে স্থানীয়রা মারধর, টানাহেঁচড়া, শারীরিক নির্যাতন, লাঞ্ছনা ও শ্লীলতাহানি করে গাছের সঙ্গে বেঁধে তাদের মাথার চুল কেটে দেয় । খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, চুরির অভিযোগে আইনগত শাস্তির বিধান রয়েছে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কাউকে বেঁধে মারধর করা বা মাথার চুল কেটে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 





















