পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে শহরের আলহাজ্ব ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাড়ির মালিকের স্ত্রী ও সন্তান আহত হয়েছেন। এছাড়া আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আলহাজ্ব ক্যাম্প এলাকার বাসিন্দা এবং ‘অলটেক কম্পিউটার ও প্রিন্টিং প্রেস’-এর স্বত্বাধিকারী আমিনুল ইসলাম ডালিমের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আকস্মিক এই ঘটনায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় ঘরের ভেতরের কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীদের সময়োচিত পদক্ষেপের কারণে আগুন আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি, ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আমিনুল ইসলামের স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 























