দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের মেধা ও সাফল্যকে টেকসই রূপ দিতে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। তাদের জন্য একটি সুনির্দিষ্ট মাসিক বেতন কাঠামো প্রবর্তন এবং নিয়মিত জাতীয় লিগ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোমবার (আজ) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে কাজ করা বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এসব তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে গৌরবময় সাফল্য বয়ে আনছেন, সেই অগ্রযাত্রাকে ধরে রাখতে সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্য বাস্তবায়নে সাধারণ খেলাধুলার আদলে তাদের জন্য পর্যায়ক্রমে জাতীয় লিগ চালু করা হবে। এছাড়া, সব প্রতিবন্ধী ক্রীড়া সংগঠনকে একটি সমন্বিত প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য খেলাধুলাকে জাতীয়করণের মাধ্যমে একটি নতুন দিগন্ত উন্মোচন করা হবে। বিভিন্ন ক্রীড়া সংগঠনের বিদ্যমান আর্থিক সীমাবদ্ধতা দূর করতে সরকার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। আগামীতে বাংলাদেশে খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় সাধারণ খেলোয়াড়দের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন অ্যাথলেটদের জন্যও সম্মানজনক মাসিক বেতন কাঠামো প্রণয়ন করা এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 
























