রাজশাহীর পবা উপজেলার বিল ধরমপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে ১১ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর নাম আদিব আহনাফ। সে ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
সমবার সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় ধানক্ষেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবার ও পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল শিশু আদিব। কিন্তু রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতের মামা মোকছেদ আলী বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে কর্ণহার থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করাও সম্ভব হয়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। তবে এ ঘটনায় হত্যা মামলা হবে।
রিপোর্টারের নাম 





















