রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। উত্তেজিত জনতা এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেয়। মঙ্গলবার ভোররাতে উপজেলার পলাশী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেষ রাতে একটি পিকআপ ভ্যানে করে ৮ জনের একটি সশস্ত্র দল তালা কাটার সরঞ্জামসহ পলাশী গ্রামে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী চারদিক থেকে ঘিরে ফেলে তাদের আটকে দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাদের ওপর চড়াও হয় এবং গণপিটুনি দেয়। এ সময় উত্তেজিত জনতা তাদের সাথে থাকা পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি সাতজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্দেহভাজন ওই দলটি তালা কাটার যন্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রামে ঢুকেছিল। গ্রামবাসীর মারধরে একজন মারা গেছেন এবং সাতজন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দ্রুত একটি মামলা দায়ের করা হবে। আহতরা সুস্থ হওয়ার পর তাদের গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
রিপোর্টারের নাম 






















