ইংল্যান্ডের কাছে নাটকীয়ভাবে ২ উইকেটে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথ অনেকটা কঠিন করে ফেলেছে পাকিস্তান। সুপার এইট পর্বে ইংলিশদের কাছে এই পরাজয় সালমান আগার দলের শেষ চারে ওঠার স্বপ্নে বড় এক ধাক্কা। তবে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকলেও গাণিতিক হিসেবে পাকিস্তানের সামনে এখনও সেমিফাইনালের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।
সুপার এইটে গ্রুপ ‘২’-এর লড়াইয়ে পাকিস্তানের হাতে আর মাত্র একটি ম্যাচ বাকি। আগামী শনিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি পাকিস্তানের জন্য এখন ‘ডু অর ডাই’ বা বাঁচা-মরার লড়াই। সেমিফাইনালের টিকিট পেতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের সামনে। তবে শুধু জিতলেই হবে না, শেষ চারে জায়গা পেতে তাদের তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর।
বর্তমানে গ্রুপ ‘২’-এর পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায়, দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড (রান রেট ১.৪৯১)। এক ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে পাকিস্তান (-০.৪৬১)। অন্যদিকে, এক ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া শ্রীলঙ্কা রয়েছে টেবিলের তলানিতে।
পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার প্রধান সমীকরণ হলো—নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে হবে এবং প্রার্থনা করতে হবে যেন নিউজিল্যান্ড তাদের বাকি দুই ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়। এমনটি হলে ইংল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং পাকিস্তান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিতে যাবে। তখন শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের পয়েন্ট থাকবে যথাক্রমে ২ ও ১।
অন্য এক সমীকরণে, নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচের একটিতে জয় পায় এবং পাকিস্তানও শ্রীলঙ্কাকে হারায়, তবে উভয় দলের পয়েন্ট হবে সমান ৩। সেক্ষেত্রে যে দলের নেট রান রেট ভালো থাকবে, তারাই সেমিফাইনালের টিকিট পাবে। তবে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান যদি হেরে যায়, তবে সব সমীকরণ ও স্বপ্ন সেখানেই শেষ হয়ে যাবে।
এদিকে ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি পরিত্যক্ত হয়, তবে পাকিস্তান ২ পয়েন্ট নিয়ে মিশন শেষ করবে। অন্যদিকে নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের কাছে হারে এবং শ্রীলঙ্কার সঙ্গে তাদের ম্যাচটিও বৃষ্টিতে ভেসে যায়, তবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের পয়েন্টও হবে ২। এমন পরিস্থিতিতে পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে রান রেটে এগিয়ে থাকা দলটিই নাম লেখাবে শেষ চারের লড়াইয়ে। সব মিলিয়ে, পাকিস্তানের সেমিফাইনালে ওঠার ভাগ্য এখন নিজেদের সামর্থ্যের চেয়েও অন্যের হার-জিত ও প্রকৃতির মর্জির ওপর বেশি নির্ভর করছে।
রিপোর্টারের নাম 

























