আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের এক আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি মন্তব্য ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। মন্ত্রীর ওই বক্তব্যে ‘ইনকিলাব জিন্দাবাদ’ শব্দবন্ধের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলায় এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে একই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে তিনি বলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না।”
নিজের ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসার ওপর জোর দিয়ে মন্ত্রী তার বক্তব্যে আরও যোগ করেন, “নিজের ভাষা ও নিজের সম্পদকে ভালবাসুন। নিজের যা আছে, সেটাকে ভালবাসুন।”
মন্ত্রীর এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। হাসনাত আব্দুল্লাহ প্রথমে তার ফেসবুকে এই মন্তব্যের প্রতিবাদ জানান। পরবর্তীতে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং নাসীরুদ্দীন পাটওয়ারীও তাদের ফেসবুক স্ট্যাটাসে মন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন, যা বিতর্কের মাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে। তাদের এই প্রতিবাদী স্ট্যাটাসগুলি দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বিষয়টি নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 

























