প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার প্রথমবারের মতো তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন। এদিন সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছে তিনি প্রথাগত রীতির বাইরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। তার এই প্রথম কর্মদিবসকে ঘিরে কার্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। মূল ভবনে প্রবেশের পূর্বে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের কুশল জানতে চান। এসময় তিনি কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে ডেকে তাদের খোঁজখবর নেন। দেশের সর্বোচ্চ নির্বাহী প্রধানকে এত কাছ থেকে পেয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা আপ্লুত হয়ে পড়েন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর তিনি মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে, প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রকাশিত একটি স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন করেন। তার এই প্রথম কর্মদিবসটি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























