মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেছে এবি পার্টি। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির শীর্ষ নেতারা একুশের অবিনাশী চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান জানান।
বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাংলার অকুতোভয় সন্তানদের আত্মত্যাগ কেবল ভাষার অধিকার আদায়ের লড়াই ছিল না; বরং এটি ছিল বাঙালির গণতান্ত্রিক অধিকার, সাম্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সূচনালগ্ন। এই ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়েই রোপিত হয়েছিল আমাদের আত্মমর্যাদা ও স্বাধীনতার বীজ, যা পরবর্তীকালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ণতা পায়।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ভাষা আন্দোলনের সঙ্গে রাষ্ট্রসংস্কারের যে গভীর ও অনিবার্য সম্পর্ক রয়েছে, তা বর্তমান প্রেক্ষাপটেও সমানভাবে প্রাসঙ্গিক। একটি রাষ্ট্র তখনই প্রকৃত অর্থে মানবিক ও কল্যাণমুখী হয়ে ওঠে, যখন তার শিক্ষা, প্রশাসন, নীতি-নির্ধারণ এবং প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষের ভাষা ও সংস্কৃতির যথাযথ মূল্যায়ন নিশ্চিত হয়। বাংলা ভাষার সঠিক চর্চা ও বিশ্বময় এর প্রসারে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে তারা বলেন, পৃথিবীর প্রতিটি মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।
এবি পার্টির পক্ষ থেকে দৃঢ়ভাবে ব্যক্ত করা হয় যে, একুশের চেতনাকে লালন করেই একটি বৈষম্যহীন ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বর্তমানে ভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রাম রাষ্ট্রসংস্কার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহীদদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতিতে দেশবাসীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানানো হয় এবং বাংলা ভাষাকে বিশ্বদরবারে আরও সমৃদ্ধভাবে উপস্থাপনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
রিপোর্টারের নাম 

























