কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কতিপয় নেতাকর্মীর প্রকাশ্যে অবস্থান গ্রহণ এবং স্লোগান-মিছিলের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে, যা স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রশাসন ইতোমধ্যে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তাদের মিছিল করতে দেখা যায়। এ সময় তারা “শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখলে নিলাম” সহ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে উচ্চস্বরে স্লোগান দিচ্ছে। এই দৃশ্য স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, নিষিদ্ধ ঘোষণার পরও কীভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা সদরের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে মিছিল ও সমাবেশ করলো, তা খতিয়ে দেখা উচিত। তারা জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ। তারা কীভাবে কার্যালয়ে অবস্থান করলো এবং মিছিল করলো, বিষয়টি গভীরভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এই বিষয়ে বলেন, “নিষিদ্ধ কোনো সংগঠন যদি প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























