বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। তিনি মনে করেন, আলোকচিত্র কেবল অতীতকেই স্মরণ করায় না, বরং জীবন্ত ইতিহাসকেও সামনে নিয়ে আসে। এই কঠিন সময় যেন আর ফিরে না আসে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদু এসব কথা বলেন। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ১৭-১৮ বছরের ঘটনাবলি সীমিত পরিসরে তুলে ধরা হলেও এর মাধ্যমে বোঝা যায় যে দেশবাসী একসময় কতটা ভয়াবহ নির্যাতনের মধ্যে ছিল।
দুদু বলেন, ‘এই আলোকচিত্রের মাধ্যমে আমরা দেখতে পেলাম, আমাদের একটি কঠিন অতীত আছে। সেই কঠিন অতীতে কারা, কীভাবে আমাদের ওপর আক্রমণ করেছে, এবং কারা এর প্রতিরোধ করেছে, তা স্পষ্টভাবে প্রতীয়মান হয়। ফটোসাংবাদিকরা সে সময় জীবন বিপন্ন করে এবং চাকরি হারিয়েও ছবি ধারণ ও প্রকাশ করেছেন। ছবি সব সময় অতীতকে শুধু নাড়া দেয় তা নয়, জীবন্ত ইতিহাস সামনে নিয়ে আসে।’
বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই সরকার মানুষের ভালোবাসার সরকার এবং এটি তার কাছে স্বপ্নের সরকার। সরকারের ভুল-ত্রুটি থাকতে পারে, সেগুলো সংশোধনের জন্য সকলকে পাশে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















