পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে শিবচরের বাজারে এক ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বোরকা পরে ছদ্মবেশে সাধারণ ক্রেতা সেজে প্রথমে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে তার নেতৃত্বেই পরিচালিত হয় প্রকাশ্যে অভিযান, যেখানে অতিরিক্ত মূল্য আদায়, ওজনে কম দেওয়া ও অন্যান্য অনিয়মের দায়ে ৭ জন ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিবচর উপজেলার পৌর বাজারসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শুরুর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বোরকা পরে সাধারণ ক্রেতার বেশে মাছ, গোশত, মুদি ও ফলের দোকানসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পণ্যের মূল্য তালিকা ও বিক্রির পরিস্থিতি যাচাই করেন।
তার প্রাথমিক পর্যবেক্ষণে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগীর গোশত একই দামে বিক্রির মতো বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এসব প্রমাণ হাতে আসার পর প্রকাশ্যে অভিযান শুরু হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৪০ ধারায় ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ সময় শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল এবং ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, “আমি প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। রমজান মাসে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য আদায়ের চেষ্টা করে। জনস্বার্থ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা গেছে, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।
রিপোর্টারের নাম 























