সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাদলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হৃদয় হোসেন (৩০)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত হৃদয় হোসেন বগুড়ার শেরপুর উপজেলার মামুরশাহি গ্রামের দুলাল হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকালে তিনি বগুড়া থেকে মোটরসাইকেলে করে পাবনার বেড়া উপজেলায় তার শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন।
শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার সাগর আলী জানান, হৃদয় হোসেন মাদলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















