বাংলাদেশে মাটিবিহীন চাষাবাদের অত্যাধুনিক উপকরণ গ্রিনহাউস হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদনে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন (হংকং)-ভিত্তিক প্রতিষ্ঠান গ্রিন পিউর হাউজওয়্যার (বিডি) কোম্পানি লিমিটেড। বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে সম্প্রতি একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির আওতায় ৩০.৪৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে এবং এর মাধ্যমে প্রায় তিন হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
গ্রিন পিউর হাউজওয়্যার (বিডি) কোম্পানি লিমিটেড তাদের নতুন কারখানায় মাটিবিহীন চাষাবাদের জন্য বিশেষায়িত বহনযোগ্য কাঠামো গ্রিনহাউস হাইড্রোপনিক্স টেন্ট তৈরি করবে। এছাড়াও, প্রতিষ্ঠানটি ইভিএ ক্যাবিনেট ম্যাট, কার্টন এবং পিই প্যাকেজিং ফিল্মের মতো অন্যান্য পণ্যও উৎপাদন করবে। এই বিপুল বিনিয়োগ দেশের শিল্পায়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
হাইড্রোপনিক্স টেন্ট একটি অপ্রচলিত এবং উচ্চমূল্য সংযোজনকারী রপ্তানি পণ্য। এই পণ্যের উৎপাদন বেপজার পণ্য বহুমুখীকরণ এবং বিশেষায়িত বৈশ্বিক বাজারে প্রবেশের কৌশলগত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উৎপাদিত পণ্যগুলো যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে রপ্তানি করা হবে, যা দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজধানীর বেপজা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে রোববার এই চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং গ্রিন পিউর হাউজওয়্যার (বিডি) কোম্পানি লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াং শেনিউ চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
প্রতিষ্ঠানটিকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সব ধরনের সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ প্রদানে বেপজার দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গ্রিন পিউর হাউজওয়্যার (বিডি) কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























