আসন্ন পবিত্র রমজান মাসে বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাগুলোতে ইফতার আয়োজন নির্বিঘ্ন করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীদের প্রতি আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এই বিশেষ অনুরোধ জানান।
ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকা বরিশাল-৩ আসনের (বাবুগঞ্জ ও মুলাদী) অন্তর্গত দুই উপজেলায় ৬০০-এর বেশি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রতি বছর নিয়মিত ইফতারের ব্যবস্থা করা হয়। তবে ভৌগোলিকভাবে এই অঞ্চলটি পাঁচটি বড় নদী দ্বারা বেষ্টিত এবং যাতায়াত ব্যবস্থা তুলনামূলক দুর্গম হওয়ায় প্রান্তিক পর্যায়ের এসব প্রতিষ্ঠানে ইফতারের প্রয়োজনীয় খরচ জোগাড় করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই সংকট নিরসনে তিনি দেশ ও বিদেশের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানান।
২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে এবি পার্টির এই নেতা বলেন, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া বর্তমানে চলমান। ছাত্র-জনতার বিপ্লবে শহীদদের ত্যাগের চেতনাকে ধারণ করে আমাদের একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। এই লক্ষ্য অর্জনে সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি আরও জোরদার করা প্রয়োজন।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ইনসাফ ও স্বাধীনতার লড়াইকে বেগবান করতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সাধারণ মানুষকে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পবিত্র রমজানে জনগণের অর্থে জনগণের সেবামূলক কাজ সম্পন্ন করা একটি মহৎ উদ্যোগ। এই মানবিক কার্যক্রমে যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী অংশ নিয়ে সামাজিক সংহতি বজায় রাখার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
রিপোর্টারের নাম 






















