দেশ ও জনগণের কল্যাণে সরকারি দল চাইলে জামায়াতে ইসলামী সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে জনগণের কথা বলে গণতন্ত্রকে প্রাণবন্ত করার প্রত্যাশাও রয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, অতীতে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু ভোট হয়নি। জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। দেশবাসী যে প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছেন, সে প্রত্যাশা পূরণে আমরা কাজ করবো। আমরা আপনাদের ছেড়ে কোথাও যাবো না, সুখে-দুঃখে আপনাদের পাশেই থাকবো। সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে দেশে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে—এমন আশা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, আগামীকাল সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হবে। এর মাধ্যমে নতুন ইতিহাস তৈরি হবে। আমরা যদি দায়বদ্ধতার সঙ্গে কাজ করি, চ্যালেঞ্জ যাই থাকুক, আমরা আশা করি তা উৎরাতে পারবো।
‘জুলাইকে ধারণ করে’ জামায়াত পথ চলবে উল্লেখ করে তিনি বলেন, পুরো জাতি জুলাইয়ে সংগ্রাম করেছে। হাজার জীবন ও পঙ্গুত্বের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আমরা যদি জুলাইকে ভুলে যাই, তাহলে জুলাই বারবার ফিরে আসবে। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইতে মানুষ রক্ত দিয়েছে, সংসদে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনও ছাড় আমরা দেবো না।
এ সময় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, সাইফুল আলম খান মিলন, অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, মুফতি আমির হামজা, মাসুদ সাঈদীসহ জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা।
রিপোর্টারের নাম 
























