জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করাকে ‘রাজনৈতিক প্রতারণা’ হিসেবে আখ্যায়িত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির সভাপতি আ স ম আবদুর রব এবং সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এক যৌথ বিবৃতিতে এই কঠোর সমালোচনা করেন। তারা বলেন, জনগণ শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য আত্মত্যাগ করেনি, বরং রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার প্রত্যাশায় রাজপথে নেমেছিল।
নেতৃবৃন্দ আরও বলেন, সংবিধান কোনো বিশেষ দল বা সংসদের সংখ্যাগরিষ্ঠতার দলিল নয়, বরং এটি জনগণের সম্মতির প্রতিফলন। গণঅভ্যুত্থান ও গণভোটের মাধ্যমে জনগণ রাষ্ট্র সংস্কারের যে সুস্পষ্ট রায় দিয়েছে, বর্তমান সরকারের উদ্যোগ তার সাথে সাংঘর্ষিক। তারা অবিলম্বে গতানুগতিক সংশোধন প্রক্রিয়া বন্ধ করে প্রতিনিধিত্বশীল সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান, যা জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 

























