ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক বলেছেন, আজকের ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গত রাত থেকে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়েছিল, তা আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং দলের নেতা-কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যর্থ করে দেওয়া হয়েছে। তিনি নিজের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং চলমান পরিস্থিতি বজায় থাকলে জনগণের রায় মাথা পেতে নেওয়ার অঙ্গীকার করেছেন।
সকাল সাড়ে ৯টায় আহসানিয়া মিশন কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, গত রাত থেকে জামায়াতের পোলিং এজেন্টরা বিভিন্ন কেন্দ্র দখলের চেষ্টা এবং অর্থ বিতরণের সময় হাতেনাতে ধরা পড়েছে। তার নির্বাচনী এলাকায় এমন অভিযোগে দুজনকে কারাদণ্ডও দেওয়া হয়েছে।
বিএনপি প্রার্থী আরও বলেন, জামায়াতের আসলে কোনো জনসমর্থন নেই। তারা কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বট বাহিনী’ ব্যবহার করে নিজেদের উপস্থিতি জাহির করার চেষ্টা করে।
নির্বাচনের বর্তমান পরিবেশ যেভাবে আছে, সেভাবে চললে ফলাফল যাই হোক তা মেনে নেবেন কিনা—এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, “অবশ্যই। জনগণের উপর আমার শতভাগ আস্থা রয়েছে। ভোটাররা ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন এবং আমি বিশ্বাস করি, তাদের রায়ই চূড়ান্ত।” তিনি আরও জানান, এখন পর্যন্ত সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।
রিপোর্টারের নাম 























