ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের পর ঢাকা-১৭ আসনের বিভিন্ন নির্বাচনী এলাকা ও কেন্দ্র পরিদর্শনে বের হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি মহাখালীর কড়াইল বস্তিসহ পার্শ্ববর্তী এলাকাগুলো পরিদর্শন করেন।
কেন্দ্র পরিদর্শনের সময় তারেক রহমান সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত তুলে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এর আগে, সকাল পৌনে ১০টার দিকে তিনি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সপরিবারে ভোট দেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া ও জাশিয়া রহমানেরও একই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।
দীর্ঘ দেড় যুগ পর দেশে একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দেশের ২৯৯টি সংসদীয় আসনের ৪২ হাজার ৯৫৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। তবে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
ঐতিহাসিক এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যা বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের পথে প্রথম ও প্রধান ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভোটাররা আজ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশের যোগ্য নেতৃত্ব বেছে নেবেন। সংসদ নির্বাচনের পাশাপাশি আজ রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ গণভোটেও নাগরিকরা তাদের রায় দিচ্ছেন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























