দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সারা দেশে বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও কিছু কেন্দ্রে সহিংসতা ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ইসি সচিব আখতার আহমেদ আরও বলেন, ভোট চলাকালীন কিছু সহিংসতা ও অনিয়মের অভিযোগ এসেছে। কমিশন সেগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোটের হার ছিল ৩২.৮৮ শতাংশ। অর্থাৎ দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এই দুই ঘণ্টায় ভোটের গতি বৃদ্ধি পেয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন নারী ভোটার, ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন পুরুষ ভোটার এবং ১ হাজার ২৩২ জন হিজড়া ভোটার রয়েছেন। বিশেষ করে, এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রায় ৪ কোটি তরুণ ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এছাড়া, প্রবাসীরা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন, যা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিদের জন্যও প্রযোজ্য ছিল।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলছে। শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় ওই আসনের ভোট স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টিসহ অন্যান্য দল অংশ নিচ্ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রয়েছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশন ড্রোন ব্যবহার করে হাজারখানেক ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি করছে। বহু বছর পর শঙ্কামুক্ত পরিবেশে ভোটদানের প্রত্যাশা নিয়ে লাখো তরুণ, যুবক ও প্রবীণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন, যা গণতন্ত্রের প্রতি তাদের গভীর আস্থার প্রতিফলন। গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে দেশ প্রবেশ করে এক নতুন গণতান্ত্রিক অধ্যায়ে।
রিপোর্টারের নাম 























